স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় বহুল প্রতীক্ষিত ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬’ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলার নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ।
বিজ্ঞাপন
আয়োজিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ।
এছাড়াও শিক্ষাবিদ ও শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য প্রদান করেন গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, হাজিরআলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, বেজিয়াতলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দীন এবং ক্রীড়া শিক্ষক আবু আহসানসহ অনেকে।
সভায় বক্তারা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ প্রতিযোগিতা-২০২৬ সহ সংশ্লিষ্ট সকল আয়োজন সুন্দর ও নিখুঁতভাবে শেষ করার জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন। প্রতিযোগিতায় সর্বস্তরের শিক্ষার্থী ও উদীয়মান খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
সভা শুরুর পূর্বে ঝিকরগাছা উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে নবাগত ইউএনও এম. সাইফুল্লাহকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান। ছবি সংগৃহীত।


