স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের অবকাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার শত শত মানুষের চলাচলের পথটি এবার টেকসই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নতুন রূপ পেল। এলাকার দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি লাঘবে উদ্যোগ নিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) এক শুভ অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির ফলক উন্মোচন ও পথচলার সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে অনিন্দ্য ইসলাম অমিত জামতলা এলাকা পরিদর্শন করেন। সেসময় কাদামাটি ও খানাখন্দে ভরা অবহেলিত পথটি সংস্কারের জন্য আকুল আবেদন জানান স্থানীয় বাসিন্দারা। নির্বাচিত হওয়ার পর সেই মৌখিক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়ে সড়কটিকে টেকসই আরসিসি ঢালাইয়ে রূপান্তরিত করা হলো, যার সুফল ভোগ করবেন স্থানীয় অন্তত ১০০টি পরিবারের সদস্য।
বিজ্ঞাপন
স্থানীয় প্রবীণ এক বাসিন্দা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “ভোটের সময় যে কথা অমিত সাহেব দিয়ে গিয়েছিলেন, তা যে এতো দ্রুত বাস্তবে আলোর মুখ দেখবে তা আমরা ভাবিনি। রাস্তাটি পাকা হওয়ায় আমাদের চলাচলের কষ্ট একবারে মুছে গেছে।”
উদ্বোধনী বক্তৃতায় দেলোয়ার হোসেন খান খোকন উল্লেখ করেন, “বর্তমান গণতান্ত্রিক পরিবেশের ফলশ্রুতিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরজুড়ে সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছেন। যশোরের প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের সুবিধার্থে এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির স্থানীয় নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।
