রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৮ মাস পর অবশেষে কিশোরী নিঝুম খাতুনের (১৭) নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের জট খুলেছে। প্রেমের সম্পর্কের অবনতি ও বিয়ের চাপের জের ধরে তাকে কুষ্টিয়া-পাবনার সীমান্ত ঘেঁষা পাকশী এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত মাশরিকুল রহমান জিম (২৩) গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) আদালতে হত্যাকাণ্ডের সবিস্তার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
পুলিশ নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মার্চ মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা নিঝুম খাতুন নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে তার মা তাসলিমা খাতুন ৮ এপ্রিল মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে মেয়েকে উদ্ধারে কোনো অগ্রগতি না হওয়ায় তিনি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
দীর্ঘদিন অতিবাহিত হলেও নিঝুমের কোনো খবর না পাওয়ায় মামলাটি নতুন রূপ নেয়। পরবর্তীতে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিবিড় তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় নিঝুমের পূর্ব পরিচিত মহেশপুরের রাখালভোগা গ্রামের কামাল হোসেনের ছেলে মাশরিকুল রহমান জিমকে শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জিম স্বীকার করেন, ২০২৫ সালের ১৩ মার্চ ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে নিঝুমকে পাবনার ঈশ্বরদী থানাধীন পাকশী রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিঝুম তাকে বিয়ের জন্য চাপ দিলে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিম তাকে সজোরে চড় মারলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর ধরা পড়ার ভয়ে তাকে রেললাইনের পাশের একটি নির্জন ঝোপঝাড়ে টেনে নিয়ে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান তিনি।
তদন্তকারী কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের চার দিন পর অর্থাৎ ২০২৫ সালের ১৭ মার্চ পাকশী এলাকা থেকে ঈশ্বরদী থানা পুলিশ অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। তৎকালীন সময়ে পরিচয় উদঘাটিত না হওয়ায় পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় লাশটির দাফন সম্পন্ন হয়।
সম্প্রতি ঝিনাইদহ পুলিশ সিআইডি (CID)-র ক্রাইম সিন ইউনিটের জাতীয় আর্কাইভে রক্ষিত সেই অজ্ঞাত লাশের ছবি ও উদ্ধারকৃত পরনের পোশাকের নমুনা সংগ্রহ করে নিঝুমের স্বজনদের দেখালে তারা নিখোঁজ নিঝুমের পরিচয় নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মামলার অগ্রগতির তথ্য জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি মাশরিকুল রহমান জিম বিজ্ঞ আদালতে নিঝুমকে নিজ হাতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলাটিতে আরও কেউ সহায়তায় ছিল কিনা তা খতিয়ে দেখতে জোর তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
