স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কোম্পানি সেক্রেটারি ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. হাবিবুর রহমান যশোর সফরকালে ঝিকরগাছা উপজেলার গদখালীর শরীফপুর গ্রামে অবস্থিত জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর মরহুম গোলাম মোস্তফার পারিবারিক কবর জিয়ারত করেছেন।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিনম্র প্রার্থনা করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যশোর জোনের হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. শফিউল আজম, ঝিকরগাছা শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) জয়নুল আবেদীন এবং আল এক্বরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মুহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব মরহুম গোলাম মোস্তফা গত ২০২৪ সালের ২০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি শিল্প-বাণিজ্যের প্রসারের পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে গেছেন।
সফরকালে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে, মরহুম গোলাম মোস্তফা এবং তাঁর প্রতিষ্ঠিত শিল্পগ্রুপ দীর্ঘকাল ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আসছিল। ব্যাংক কর্তৃপক্ষের মতে, এই সুদীর্ঘ ব্যবসায়িক সম্পৃক্ততা পারস্পরিক আস্থা, আন্তরিক সহযোগিতা ও সুসম্পর্কের এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। ছবি সংগৃহীত।
