মোঃ মাসুদ রানা, (কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অনলাইন জুয়া সম্পূর্ণরূপে নির্মূল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন কালীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় কালীগঞ্জ থানা মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রবীণ ও নবীন সাংবাদিকদের সাথে আয়োজিত এক প্রাণবন্ত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভার শুরুতে নবাগত ওসি উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল ও পরিচিতি বিনিময় করেন। পরবর্তীতে কালীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, মাদকদ্রব্যের দৌরাত্ম্য বন্ধ, উদীয়মান অপরাধ অনলাইন জুয়া থামানো এবং চুরি-ছিনতাই রোধে থানা পুলিশের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় ওসি জুলফিকার আলী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, কোনো মাদকসেবী কিংবা মাদক কারবারিকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোঁবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি শহর ও প্রত্যন্ত অঞ্চলে চুরি-ছিনতাই রোধে পুলিশি টহল ও নজরদারি আরো জোরদার করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা অনেকটাই সহজ ও কার্যকর হবে। অনিয়ম, দুর্নীতি ও অপরাধমুক্ত একটি সুন্দর কালীগঞ্জ গড়ে তুলতে থানা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাবে।
উক্ত মতবিনিময় সভায় কালীগঞ্জ থানার কর্মকর্তা (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, কলামিস্ট এম এ কাদের, মোহনা টেলিভিশনের সোহেল আহম্মদ, এশিয়া পোস্টের হাবিব ওসমান, এশিয়া বাণীর শাহাজান আলী সাজু, জি টিভির ওলিয়ার রহমান, আজকালের খবরের আরিফ মোল্লা, গ্রীন টিভির আশিকুর রহমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, নিউজ ৫২-এর ফিরোজ আহম্মেদ, জনকণ্ঠের মাসুদ রানা, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ভোরের দর্পণের মমিনুর রহমান মন্টু এবং কালের কণ্ঠের নয়ন খন্দকারসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবর্গ। ছবি সংগৃহীত।

