বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষ ‘পায়রা’-য় দিবসটির তাৎপর্য তুলে ধরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা ও সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নূরুল হক এবং সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রারম্ভিক স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ এ.কে. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ চায়না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, ধানখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহামুদা খানম, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো. আল মামুন, মোয়াজ্জেমপুর ছালিহিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বখতিয়ার হোসেন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জনকারী শিক্ষার্থী মো. হিজবুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশের শিক্ষক সমাজের বিদ্যমান নানা সামাজিক ও অর্থনৈতিক দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। একই সাথে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যকার প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বৈষম্য দূর করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট নীতি-নির্ধারক মহলের জরুরি দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন। ছবি প্রতিবেদক।
