স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে উদীয়মান খুদে ফুটবলারদের প্রতিভা অন্বেষণ ও তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪.০০ ঘটিকায় শহরের ঐতিহ্যবাহী আর.এন. রোড ক্রীড়া চক্র প্রাঙ্গণে (নতুন বাজার মাঠ প্রাঙ্গণ) আর.এন. রোড সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোরের পুলিশ সুপার (পিপিএম) জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
আর.এন. রোড ক্রীড়া চক্রের সভাপতি জনাব মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক জনাব তানভীরুল ইসলাম সোহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ ও উদীয়মান কিশোরদের মাদকমুক্ত ও সুস্থ মানসিকতায় গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কেডিএস কাপের মতো এই জুনিয়র ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ের খুদে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি ও মূলধারার ফুটবলে উঠে আসতে বড় অবদান রাখবে।
আয়োজক সংগঠন আর.এন. রোড সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখা এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতেই নিয়মিত এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী খেলা দেখতে মাঠ প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রচুর উপস্থিতি পরিলক্ষিত হয়। ছবি সংগৃহীত।

