স্ফুলিঙ্গ ডেক্স :
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লিটার অবৈধ চোলাইমদসহ মো. রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ৮টা ১৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘খ’ সার্কেল, মিঠাপুকুরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি টিম রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫ নম্বর রানীপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া (বুড়াপুকুর) গ্রামস্থ অভিযুক্ত রবিউল ইসলামের নিজ দখলীয় বসতবাড়ির টিনের চৌচালা ও টিনের বেড়াযুক্ত পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ভিতর উত্তর পার্শ্বে চৌকির নিচের মেঝেতে এই অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত আলামতের বিবরণ অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের ২৫০ মিলিলিটারের ৪০টি প্লাস্টিক বোতলে মোট ১০ লিটার চোলাইমদ এবং ৫ লিটার ক্ষমতার ৫টি প্লাস্টিকের জারিকেনে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত চোলাইমদের পরিমাণ ৩৫ লিটার, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
