শহিদ জয়
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর কাজ করার সময় ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়া বেহারী কলোনির ছয়তলা ভবনসংলগ্ন বাদলের বাড়ির পেছনে এ বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
আহত দুই শ্রমিক হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছা গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক ওই স্থানে জমে থাকা মাটির স্তূপ সরানোর কাজ করছিলেন। সকালে কাজের এক পর্যায়ে কোদালের কোপ মাটির ভেতরে পুঁতে রাখা একটি ককটেলের ওপর পড়লে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা আব্দুর রাজ্জাক ও আকবর শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মাটির স্তূপের নিচে বিস্ফোরকটি কীভাবে এল এবং কারা এটি সেখানে পুঁতে রেখেছিল, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।
