স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই উৎসবমুখর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী সিএসই বিভাগের মেধাবী শিক্ষার্থীদেরও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “সিএসই বিভাগ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি বিভাগ। এখানে অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের চার বছর শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। এ সময়ে পড়াশোনা ও বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠে।” এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু গতানুগতিক চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা ও চাকরিদাতা হওয়ার আহ্বান জানান এবং এক্ষেত্রে সরকারের স্টার্টআপ তহবিল যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান তাঁর বক্তব্যে বলেন, “শুধু পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় কেবল সনদ অর্জনের জায়গা নয়; এখান থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিশ্বমানের মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।”
সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে সালাউদ্দীন কবীর এবং শিক্ষার্থী মো. জসিম উদ্দিন ও মো. নিশাত। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন পর্ব শেষে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে। ছবি সংগৃহীত।

