বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কর্মরত এক নার্সের বিরুদ্ধে। গতকাল বিকেলে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটো থেরাপি কক্ষে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। ওই রাতেই চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা অস্ত্রোপচার করলে এক পুত্রসন্তানের জন্ম হয়। গতকাল সকালে শিশুটির শরীরে জন্ডিসের উপসর্গ (চোখে হলদে ভাব) দেখা দিলে ফটো থেরাপি দেওয়ার জন্য ফটো থেরাপি রুমে নিয়ে যান দায়িত্বপ্রাপ্ত এক নার্স। এর কিছুক্ষণ পরেই কক্ষের ভেতর থেকে শিশুটির উচ্চস্বরে কান্নার শব্দ পান স্বজনরা। পরবর্তীতে এক্সরে পরীক্ষায় জানা যায়, নবজাতকটির পায়ের হাড় ভেঙে দুই টুকরো হয়ে গেছে। স্বজনদের দাবি, দায়িত্বপ্রাপ্ত নার্সের চরম অবহেলা ও অসাবধানতার কারণেই শিশুটির পা ভেঙে গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ম্যাক্স হাসপাতালের অংশীদার নাহিদ জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আঘাতপ্রাপ্ত শিশুটির উন্নত চিকিৎসার সার্বিক খরচ ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বহন করা হবে।
ঘটনাটি নিশ্চিত করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তেনমং জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।

