জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া নিউ মিনি স্টেডিয়াম মাঠে জমজমাট আয়োজনে শুরু হয়েছে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার সকল যুবক ভাইদের প্রতি আহ্বান জানাই, নেশা ছেড়ে খেলাধুলার সঙ্গে যুক্ত হন। সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ে তুলুন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম এবং সার্বিক পরিচালনায় ছিলেন জিসান হাবীব।
বিজ্ঞাপন
আয়োজক কমিটির সভাপতি মো. সাইফুর রহমান বলেন, যুবসমাজকে নেশা থেকে দূরে রাখা এবং এলাকার সামাজিক উন্নয়নে খেলাধুলার অপরিসীম গুরুত্ব বিবেচনা করেই ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ ময়মুর আলী মৃধা বলেন, যুবসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলার বিকল্প নেই। এলাকার যুবসমাজের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
এ সময় মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল উদ্বোধনী ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের জন্য এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। পাশাপাশি টুর্নামেন্টের পরবর্তী প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচকেও এক হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডক্টর এম এম রইস উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, মো. ইউনুস আলী সরদার, মিজানুর রহমান কাবুল, নজরুল ইসলাম, আহসান হাবিব খান সোহেল, মহিদুল ইসলাম, শরিফুজ্জামান টুকু, তারুজ্জামান বিল্লা, আরিফুজ্জামান মিলটন, তারিকুল ইসলাম তারা, সোহেল রানা, বাকির বিশ্বাস, ফয়জুর রহমান, ইকরামুল হক ও সার্জন সাহা।
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবি প্রতিবেদক।
