মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক প্রবীণ বাসিন্দার বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কাওড়া পূর্বপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আকিদুল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, রাতের বেলা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে কাঠের কাঠামো ও ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ টাকাসহ পুরো বসতঘরটি ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত মালামাল হারিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তা ও দুর্ভোগের মধ্যে পড়েছে।
বিজ্ঞাপন
অগ্নি দুর্ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্তদের দেখতে কাওড়া পূর্বপাড়া গ্রামে ছুটে যান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। তিনি অগ্নিকাণ্ডস্থল সরজমিনে ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম ও তাঁর স্বজনদের সাথে কথা বলেন এবং তাঁদের এই বিপদে গভীর সমবেদনা জানান। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত সাধ্যমতো আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন।
হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে আকিদুল ইসলামের পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে। অসহায় এই পরিবারের দ্রুত পুনর্বাসন ও খাদ্য-বস্ত্রের সহায়তা জোগাতে স্থানীয় উপজেলা প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ছবি প্রতিবেদক।

