স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাগেরহাটে সাইবার অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া (বেটিং) এবং অবৈধ কয়েন কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অবৈধ অনলাইন জুয়া ও ক্রিপ্টো বা ডিজিটাল কয়েন কেনাবেচা চক্রের বিরুদ্ধে বিশেষ এই অভিযান পরিচালনা করে। চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে তরুণ সমাজকে বিভ্রান্ত করে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন চালিয়ে আসছিল।
অভিযান পরিচালনা করে অভিযুক্ত নারীকে আটক করার পাশাপাশি তাঁর হেফাজতে থাকা জুয়ার কাজে ব্যবহৃত ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অপরাপর সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করতে এবং অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার বিস্তার রোধে ডিবি পুলিশের এমন সাইবার নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

