রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুরে একই রাতে পৃথক দুটি আঞ্চলিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। যাত্রীদের চিৎকার ও পুলিশের নৈশ টহল টিমের তাৎক্ষণিক তৎপরতায় কোনো মালামাল লুট না হলেও ডাকাতদলের ছোঁড়া পাথরে দূরপাল্লার একটি নৈশকোচের কাচ ভাঙচুর করা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর থানাধীন কালীগঞ্জ-জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের কাশিপুর ও নওদা গ্রামের মধ্যবর্তী নির্জন এলাকায় প্রথম ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা পূর্বপরিকল্পিতভাবে কেটে রাখা রেন্টি গাছের গুঁড়ি সড়কের ওপর ফেলে পথ অবরোধ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’ ও ‘গোল্ডেন লাইন’ পরিবহনের দুটি দূরপাল্লার বাস সেখানে পৌঁছালে ডাকাতদল গতিরোধের চেষ্টা চালায়। বিপদ টের পেয়ে বাসের ভেতরের যাত্রীরা একসঙ্গে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থ অভিমুখে এগিয়ে আসেন। এতে পরিস্থিতি প্রতিকূলে দেখে ডাকাতদল সটকে পড়ে। পালানোর সময় তারা পূর্বাশা পরিবহনের বাসের দুই থেকে তিনটি জানালার কাচ ভাঙচুর করে। তবে গ্রামবাসী চলে আসায় কোনো যাত্রীর মালামাল লুট করতে পারেনি।
বিজ্ঞাপন
এর আগে একই রাতে আনুমানিক দেড়টার দিকে কোটচাঁদপুর-চৌগাছা সড়কের জাবড়া ক্ষেত এলাকাতেও একই কায়দায় ডাকাতির চেষ্টা চালানো হয়। সেখানে দুষ্কৃতকারীরা রাস্তার পাশের একটি ড্রাগন বাগান থেকে বেঞ্চ, টেবিল, চেয়ার ও ক্যারেট টেনে এনে সড়কের ওপর ফেলে একটি অ্যাম্বুলেন্স ও একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয়। তবে সে সময় কোটচাঁদপুর থানা-পুলিশের নৈশ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল রাতের আঁধারে পালিয়ে যায়।
একই রাতে দুটি মূল সড়কে যানবাহন থামিয়ে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় স্থানীয় বাসিন্দা, চালক ও দূরপাল্লার যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাকশি এসব ঘটনার সাথে জড়িত সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানা-পুলিশ জানিয়েছে, মহাসড়কে রাতের নিরাপত্তা ও পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ছবি সংগৃহীত।
