মো. মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ)
তারিখ: ১৪ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ‘গ্যাস ঘর’ নামের একটি বিক্রয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করে সেটিতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল। নির্ধারিত মূল্যের চেয়ে সিলিন্ডারপ্রতি ৩৪০ টাকা বেশি নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আটককৃত ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার উপস্থিত ব্যবসায়ীদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বণ্টন ও বিক্রির ব্যবস্থা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, জরিমানাপ্রাপ্ত ‘গ্যাস ঘর’ প্রতিষ্ঠানটি বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহ জেলার মূল ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। এই প্রতিষ্ঠানের মালিক কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’, যিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আলোচিত আসামি।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাড়তি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ট্রাকে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
