বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।
বিজ্ঞাপন
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রাম থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল পক্ষিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে পক্ষিয়াপাড়া গ্রামের মো. সিরাজ মোল্লার ছেলে ইমাম হোসেন মোল্লা (২৬) এবং পার্শ্ববর্তী সোনাপাড়ার মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে বুলবুল হাওলাদার (৪৮)-কে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ধৃত আসামিদের শরীর তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
কলাপাড়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।


