বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২’-এর অনলাইন এন্ট্রিকৃত প্রতিযোগিদের যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ ‘পায়রা’-য় এই সভা অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)-গণ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দ্বীপ শিখা জয়ন্তী এবং উপজেলা সমবায় অফিসার আব্বাস আলী।
বিজ্ঞাপন
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফ সিকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শরীরচর্চা শিক্ষকগণ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ক্রীড়া সংগঠকগণ।
সভায় জানানো হয়, আগামী ১ ও ২ নভেম্বর কলাপাড়া উপজেলার নির্বাচিত ১৩টি ভেন্যুতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২’-এর অনলাইন এন্ট্রিকৃত প্রতিযোগিদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান সভার কার্যবিবরণী তুলে ধরে জানান, নির্বাচিত ভেন্যুর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা স্ব স্ব ইউনিয়ন পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভেন্যুর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শরীরচর্চা শিক্ষকগণ উক্ত কমিটির সদস্য হিসেবে সার্বিক সহযোগিতা করবেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সচল ও জনপ্রিয় রাখতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই মহতী উদ্যোগ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রোগ্রামটি সফল করতে বর্তমান সরকার ও প্রশাসন অত্যন্ত আন্তরিক। তিনি সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এই কার্যক্রম সফল করার আহ্বান জানান। ছবি প্রতিবেদক।
