মো. মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ শহরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার ব্যবহার এবং বিএসটিআইয়ের বৈধ অনুমোদন ছাড়াই পণ্যে লোগো ব্যবহার করার অপরাধে ‘নূর তাজ বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স না থাকায় আরও তিনটি হোটেল-রেস্তোরাঁকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ও পুরাতন হাটখোলা এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান এবং মো. সালমান হায়দার।
বিজ্ঞাপন
অভিযানকালে নূর তাজ বেকারির ভেতরে প্রবেশ করে অস্বাস্থ্যকর উৎপাদন পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে উৎপাদিত পণ্যে ব্যবহারের জন্য রাখা অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালারের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া খাদ্য তৈরির বিভিন্ন উপকরণের মধ্যে খোলা অবস্থায় ডিমের ওপর মাছি দেখা যায় এবং অন্যান্য খাদ্যপণ্যেও ময়লা-আবর্জনা পাওয়া যায়। সবচেয়ে বড় অনিয়ম হিসেবে দেখা যায়, অধিকাংশ পণ্যের বিপরীতে কোনো ধরনের বিএসটিআই লাইসেন্স না থাকা সত্ত্বেও সেগুলোতে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল।
প্রতিষ্ঠানটির কতৃপক্ষ এসব অপরাধ স্বীকার করার পর নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নূর তাজ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানে জব্দকৃত সমস্ত ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান জানান, একই দিনে পরিচালিত এই অভিযানে বৈধ কাগজপত্র বা ট্রেড লাইসেন্স না থাকায় ‘হাজি বিরিয়ানি’ ও ‘কুমারখালী মিষ্টান্ন ভাণ্ডার’কে ১ হাজার টাকা করে এবং ‘আবির হোটেল’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী এসব অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজাল রোধ এবং মানসম্মত খাদ্য পরিবেশন নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।

