স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরজুড়ে দীর্ঘ দিন ধরে একের পর এক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের ছাদ থেকে বিদ্যুৎ ও এসির তার এবং তামার পাইপ চুরির ঘটনা ঘটছে। শহরের সাধারণ নাগরিক থেকে শুরু করে পেশাজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ রাজনীতিকদের বাসভবনে ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটলেও চোর চক্র শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোর জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাসভবনের প্রধান বিদ্যুতের সার্ভিস তার চুরি হয়ে যায়। শহরের অত্যন্ত পরিচিত ও সুরক্ষিত ব্যক্তির বাড়িতে এমন চুরির ঘটনা নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
এর আগে প্রায় দুই মাস আগে প্রেসক্লাব যশোরের ছাদ থেকে একটি পত্রিকা অফিসের এসির তার ও আরও দুই সাংবাদিকের এসি সরঞ্জামাংশ চুরি হয়। কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এ পর্যন্ত কোনো আসামিকে আটক কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
অনুরূপভাবে, সার্কিট হাউস সংলগ্ন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খানের বাড়ির বিদ্যুতের লাইন কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তিনি চোর শনাক্তের চেষ্টা করলে তাঁর ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করা হয়। থানায় জিডি ও পরবর্তীতে পুলিশের হাতে একজন আটক হলেও শহর জুড়ে এই ধরনের চুরির দৌরাত্ম্য থামেনি।
ভুক্তভোগীদের অভিযোগ, এসির পাইপ ও বিদ্যুৎ সংযোগের তামার তার চুরি যাওয়ার ফলে প্রতিবার নতুন করে সংযোগ দিতে একেকটি পরিবারের ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে। একবার তার লাগানোর কিছুদিন পরেই আবারও তা চুরি হয়ে যাচ্ছে। নগরবাসীর মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর পেছনে একটি শক্ত ও সংঘবদ্ধ চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্র জড়িত। শহরের কোথায় বা কোন ভাঙাড়ির দোকানে এসব চোরাই তামার তার বেচাকেনা হচ্ছে, তা পুলিশ খতিয়ে দেখলে সহজেই মূল হোতাদের ধরা সম্ভব।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চোর চক্রের সদস্যদের চিহ্নিত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন চোরকে আটক করে আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে। এ ধরনের চুরি রোধে শহরের বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। ছবি সংগৃহীত।
