স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া খানপাড়া এলাকায় এক মর্মান্তিক ও পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে এক পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী এই নৃশংসতার শিকার হয়।
ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে সহপাঠী অর্থাৎ অভিযুক্ত কবিরাজ আব্দুল জলিলের নাতনিকে সাথে নেওয়ার জন্য তাদের বাড়িতে যায়। এ সময় অভিযুক্ত আব্দুল জলিল সুকৌশলে নিরীহ শিশুটিকে ঘরের ভেতর ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক নির্যাতন চালায়। ঘটনাটি যেন বাইরে জানাজানি না হয়, সে জন্য শিশুটিকে মেরে ফেলার ভয়ভীতিও দেখানো হয়।
হুমকির মুখে আতঙ্কিত হয়ে পড়া শিশুটি বাড়িতে ফিরে প্রথমে ভয়ে ঘটনাটি গোপন রাখে। কিন্তু পরবর্তীতে ক্রমাগত শারীরিক অসুস্থতা দেখা দিলে মায়ের চাপের মুখে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং নিজের সাথে ঘটে যাওয়া পুরো বীভৎসতার কথা প্রকাশ করে দেয়।
বিজ্ঞাপন
বিষয়টি সামনে আসামাত্রই ভুক্তভোগীর মা এলাকার বাসিন্দাদের অবগত করেন। সার্বিক ঘটনা জানতে পেরে স্থানীয় ক্ষুব্ধ জনতা অবিলম্বে ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্ত কবিরাজ আব্দুল জলিলকে ধরে ফেলে এবং পরবর্তীতে যশোর সদর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়। উক্ত অপরাধের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে গুরুতর শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ছবি সংগৃহীত।

