রফিক মণ্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. আজিজুর রহমান, সাবেক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মুহা. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা কাইয়ুম হুসাইন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকরামুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিবসটির কর্মসূচি অনুযায়ী সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামসুর আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। তরুণদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এর জন্য যুবকদের কেবল প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির পথ প্রশস্ত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, দেশের বিশাল যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সময়ের জোরালো দাবি। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও জোরালো ভাষায় বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের যদি সহজ শর্তে ব্যাংক ঋণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়, তবে তারা যেমন নিজেরা স্বাবলম্বী হবেন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পরিশেষে, জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুরে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।
