মো: মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
উপস্থিত সাধারণ জনগণকে উদ্দেশ্যে করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় না মেনে বর্তমান সরকার সাধারণ মানুষকে চরমভাবে অপমান করেছে।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের লংমার্চের বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় ডা. শফিকুর রহমান বিগত নির্বাচনের স্মৃতি চারণ করে বলেন, ফেব্রুয়ারি মাসে আপনারা দু’টি ভোট দিয়েছিলেন। তার মধ্যে একটি ভোটে ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারচুপি করে সরকার গঠন করেছে বিএনপি। আর দ্বিতীয় যে ভোটটি আপনারা দিয়েছিলেন, সেখানে বিএনপি ও জামায়াত আমরা সকলেই একযোগে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেশের ৭০ শতাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’-তে ভোট দিয়েছিলেন। অথচ জনগণের সেই বিশাল রায়কে তারা অপমান করেছে এবং এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করেনি।
বিজ্ঞাপন
সরকারকে কড়া হুশিয়ারি দিয়ে জামায়াত আমির আরও বলেন, সরকারের উচিত হবে অনতিবিলম্বে ঘোষিত সাত দফা দাবি মেনে নেওয়া, তা না হলে আন্দোলনের এক দফার পাথর তাদের ওপর চাপবে। ভালোয় ভালোয় দাবি না মানলে সরকার সেই এক দফার পাথরের নিচে পিষ্ট হয়ে যাবে। আমরা চাই না দেশে নতুন করে কোনো বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি সরকারের নীতিমালার সমালোচনা করে আরও যোগ করেন, জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকারকে যদি এভাবে পায়ের নিচে পিষে ফেলা হয়, তবে বিরোধীদল হাত গুটিয়ে বসে বসে আঙুল চুষবে না। পরিস্থিতি বাধ্য করলে আমাদের এই সাত দফা আন্দোলন যেকোনো মুহূর্তে এক দফায় রূপান্তরিত হবে। এক দফার কথা শুনলে যাদের কলিজা কাঁপে, তাদের বলছি—আমরা কারও কলিজা কাঁপাতে চাই না, আপনারা সুস্থ ও সুন্দরভাবে গণদাবি মেনে নিন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যের শেষ অংশে এক বিশাল আলটিমেটাম দিয়ে বলেন, সরকার যদি আমাদের গণভোটের গণরায় অবিলম্বে মেনে নেয়, তবে আমরা পরবর্তীতে নতুন করে লংমার্চের ডাক দেব না। কিন্তু সরকার যদি এই গণরায় না মানার অবস্থানে জিদ ধরে বসে থাকে, তবে আজকে আমরা ঢাকা থেকে ঝিনাইদহে এসেছি, আর আগামীকাল আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে ঝিনাইদহ থেকে আপনারা সোজা ঢাকায় চলে আসবেন।
উক্ত লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে ধীরে ধীরে একটি একদলীয় এবং বাকশালী শাসনের দিকে নিয়ে গেছে।
ঝিনাইদহের শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি সম্পন্ন হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে লংমার্চের সুসংগঠিত বহরটি ঝিনাইদহ ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা হয়। ছবি সংগৃহীত।
