স্ফুলিঙ্গ রিপোর্ট :
পণ্যের মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অননুমোদিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের মতো গুরুতর অপরাধে যশোর সদর উপজেলার পুলের হাট বাজারের তানসীপ ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
আজ সোমবার (২৪ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান খানের নেতৃত্বে পুলের হাট বাজারে এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে তানসীপ ট্রেডার্স নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার না করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য গুদামজাত ও বিক্রি করা এবং সরকারি অনুমোদনহীন প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অপরাধ হাতেনাতে ধরা পড়ে। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও নিয়ম অমান্য করার কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষ করে সহকারী পরিচালক সেলিমুজ্জামান খান বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্যপণ্য উৎপাদন-বিক্রয় সংক্রান্ত সার্বিক বিধিবিধান মেনে চলার কড়া নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।


