স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সীমান্ত সংলগ্ন বেনাপোল পোর্ট থানা ও শার্শা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ও রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়। পরবর্তীতে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ভবেরবেড়স্থ জনৈক বাদলের মুদি দোকানের সামনে বেনাপোল বাজার থেকে রেললাইনগামী পাকা রাস্তার ওপর পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন মো. মোস্তফা বেপারী (৩০)। এ সময় ডিবি পুলিশ সদস্যরা পিছু ধাওয়া করে তাঁকে আটক করেন। পরবর্তীতে মোস্তফার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ধৃত মোস্তফা বেপারী বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবেরবেড় (পশ্চিম পাড়া) গ্রামের মো. কালাচান বেপারী ওরফে কালুর ছেলে।
অপরদিকে, একই রাতে ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে অপর একটি টিম শার্শা থানাধীন ৭ নম্বর কায়বা ইউনিয়নের বাগুড়ি মাষ্টারপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বাগুড়ি মাষ্টারপাড়াস্থ মো. শাহজাহানের একতলা বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে ডিবি পুলিশের পোশাক দেখে পালানোর চেষ্টা চালান দুই ব্যক্তি।
এ সময় সংগীয় ফোর্সের সহায়তায় মো. শাহিন হোসেন (৩৩) ও মো. রুবেল হোসেন (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা একটি সাদা রঙের জিপারযুক্ত পলি প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে শাহিন হোসেন শার্শা উপজেলার রাড়ীপুকুর (স্কুলপাড়া) গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং রুবেল হোসেন বাগুড়ি (মাষ্টারপাড়া) গ্রামের মো. আরশাদ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত যশোর গড়ার লক্ষ্যে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।
