স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের স্থানীয় সাংবাদিকের সন্তান সাবিদুর রেজা খান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অসাধারণ সাফল্য অর্জন করে জিপিএ-৫ পেয়েছে। সে ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের শিক্ষার্থী। সাবিদুর ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের আমেজ।
নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে সাবিদুর রেজা খান বলে, “আমার স্বপ্ন হলো উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সফল মানুষ হওয়া এবং দেশের কল্যাণে কাজ করা।” এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সে সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেছে।
ছেলের এই সাফল্যে আবেগপ্লুত বাবা আবিদুর রেজা খান বলেন, “আমি আমার ছোট ছেলে সাবিদুরকে সব সময় পড়াশোনায় উৎসাহ দিয়ে এসেছি। সে এ পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৫ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছে। তার এই কৃতিত্বে আমি ও আমার পুরো পরিবার অত্যন্ত আনন্দিত। সততা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
বিজ্ঞাপন
সাবিদুরের মা নাজমুন নাহার মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সাবিদুর তার মেধা ও পরিশ্রমের এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় সাফল্য নিয়ে আসবে এবং দেশ ও সমাজের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।” ছবি সংগৃহীত।
