খুলনা প্রতিনিধি:
মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ পলাশ আলী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা জেলা শাখা। গ্রেফতারের পর আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিজ্ঞাপন
মামলা ও পিবিআই সূত্রে জানা যায়, খুলনা জেলার লবনচরা থানাধীন ঠিকরাবাদ এলাকার বাসিন্দা আলাউল কবির খাঁ-এর সঙ্গে মধ্যস্থতাকারী পবিত্র মজুমদারের মাধ্যমে আসামি মোঃ পলাশ আলীর পরিচয় হয়। আসামি পলাশ আলাউল কবিরের ৬ জন নিকটাত্মীয়কে মালয়েশিয়ায় উচ্চ বেতনে লোভনীয় চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। প্রতি জনের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা চুক্তি হয় এবং ভিসা ও আনুষঙ্গিক কাগজপত্রের দোহাই দিয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আলাউল কবিরের কাছ থেকে দফায় দফায় সর্বমোট ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
টাকা গ্রহণের পর আসামিরা প্রার্থীদের ঢাকায় নিয়ে মেডিকেল পরীক্ষা করালেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় না পাঠিয়ে নানা ছলছাতুরিতে দিনক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে আসামি পলাশ স্পষ্ট জানিয়ে দেয় যে, সে প্রার্থীদের বিদেশে পাঠাতে পারবে না এবং নেওয়া ১৭ লাখ টাকাও ফেরত দেবে না।
এই ঘটনায় ভুক্তভোগী আলাউল কবির বাদী হয়ে লবনচরা থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-১৫, তারিখ: ২৩/০৮/২০২৬ খ্রিঃ, ধারা: ৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন। গুরুত্ব বিবেচনা করে পিবিআই খুলনা জেলা স্বউদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান মামলাটির তদন্ত পরিচালনা করছেন।
তদন্তকারী কর্মকর্তা সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় ময়মনসিংহের সদর থানাধীন গোলপুকুরপাড়স্থ কর অঞ্চল ভবন এলাকা থেকে পলাশকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজ দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পিবিআই জানিয়েছে, এই চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে জোর অভিযান চালানো হচ্ছে এবং মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

