স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। তল্লাশিকালে চোরাকারবারীদের আনা ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি ভারতীয় শাড়ি, ১টি থ্রি-পিস, ৪টি কম্বল, ২ টি শাল চাদর, ১ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস এবং ৪২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি জানিয়েছে, আজ মঙ্গলবার জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
আটককৃত চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক পরবর্তী হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

