স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্যের জেরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে উর্মি (৩৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার একটি ভাড়া বাসায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত উর্মি সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসিন্দা আয়ূব আলীর কন্যা এবং একই এলাকার মিলনের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে দুপুর ২টার মধ্যে যেকোনো এক ফাঁকে বাসায় কেউ না থাকার সুযোগে গৃহবধূ উর্মি নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে অনেকক্ষণ ধরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন।
বিজ্ঞাপন
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।ফাইল ছবি সংগৃহীত।

