স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৪ নভেম্বর ২০২৬
যশোর শহরের বকুলতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বিশ্বাসপাড়ার মৃত রাজালী বিশ্বাসের ছেলে ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় গরীব শাহ মাজারসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ঘটনাস্থলে এসে থামে। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল থেকে নেমে একটি পাত্রে আনা দাহ্য পদার্থ স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন
এই অগ্নিকাণ্ডের ফলে স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশের ওপরের অংশ পুড়ে কালচে দাগ পড়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সংবাদের সূত্রে বিষয়টি জানতে পেরে কেশবপুরের বাসিন্দা ও গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আব্দুল হালিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উপস্থিত কয়েকজনকে সাথে নিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে তিন ব্যক্তির মোটরসাইকেলে আসার দৃশ্য এবং দুজনের নেমে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সুস্পষ্ট চিত্র দেখা যায় বলে মামলায় উল্লেখ করেন।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, এটি জুলাই-২০২৪-এর চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা ও পরিকল্পিত নাশকতার অংশ, যার উদ্দেশ্য ছিল জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করা। অগ্নিসংযোগে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের সহযোগী, নেপথ্যের মদদদাতা ও অর্থ জোগানদাতাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
