স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পেশার স্বকীয়তা, সঠিক মর্যাদা ও আইনগত অধিকার সুনিশ্চিতসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের প্রত্যাশায় জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির জেলা নেতারা।
বিজ্ঞাপন
আজ দুপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি যশোর জেলা শাখার এক প্রতিনিধি দল যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি পেশ করেন।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে দলিল লেখকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলিল লেখক পেশার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ চরম অনিশ্চয়তা ও নানান জটিলতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। পেশাগত নিরাপত্তা, সম্মানজনক ফি নির্ধারণ, অনাবশ্যক হয়রানি বন্ধ এবং নিবন্ধন প্রক্রিয়াকরণে স্বচ্ছতা আনয়নসহ মোট সাতটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে।
সংগঠনের নেতারা জানান, দলিল লেখকরা সরকারের রাজস্ব আদায়ে সরাসরি ভূমিকা পালন করেন। তাই তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া অত্যন্ত জরুরি। পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার নিশ্চিত করতে অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। ছবি সংগৃহীত।


