স্ফুলিঙ্গ ডেক্স :
বরিশাল মহানগরীর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৮।
বিজ্ঞাপন
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব-৮, সদর কোম্পানি বরিশালের একটি চৌকস আভিযানিক দল।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনু বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়ক এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জনি ২০২০ সালে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১) ধারায় দায়েরকৃত একটি মামলার (জিআর নং- ১৩/২০) প্রধান আসামি ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত শুনানি ও প্রমাণাদি বিশ্লেষণ শেষে তাকে অপরাধী সাব্যস্ত করে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে কাউনিয়া থানা পুলিশ আসামি বিচারে সহায়তার জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর একটি আনুষ্ঠানিক অধিযাচনপত্র পাঠায়।
অধিযাচনপত্রের ওপর ভিত্তি করে র্যাব-৮-এর একটি বিশেষ আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্ব, সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সঠিক অবস্থান সনাক্ত করে। এরপর উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়। জনির বিরুদ্ধে পর্নোগ্রাফি ছাড়াও বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে আরও ১৪টি নিয়মিত মামলার ওয়ারেন্ট ঝুলছিল।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-৮। ছবি সংগৃহীত।


