ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ:

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানটি জেলার কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ট্রেডে মোট ১ হাজার ৮৫০ জন প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে দেশ ও বিদেশে ৬২০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বর্তমানে বিভিন্ন ট্রেডে আরও ২৯৫ জন প্রশিক্ষণার্থী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটিসির পরিসংখ্যান বলছে, গত তিন বছরে সবচেয়ে বেশি ৪৮৯ জন প্রশিক্ষণার্থী বেসিক কম্পিউটার অপারেশন কোর্স শেষ করেছেন, যাঁদের মধ্যে ১৭০ জনের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডে ২০৫ জন প্রশিক্ষণ নিয়ে ১১২ জন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সে ১৯১ জনের মধ্যে ৯৫ জন, ওয়েল্ডিংয়ে ১৯১ জনের মধ্যে ৯৬ জন এবং ড্রাইভিং ট্রেডে ১৮৭ জনের মধ্যে ৮২ জন কর্মজীবনে যুক্ত হয়েছেন। পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করা ১৫৩ জনের মধ্যে ৪৫ জন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ঝিনাইদহ শহরের আরাপপুরে ক্যাডেট কলেজের ১ নম্বর গেটের বিপরীতে অবস্থিত এই কেন্দ্রে বর্তমানে একাধিক চাহিদাভিত্তিক প্রশিক্ষণ চলমান রয়েছে। বিদেশগামী কর্মীদের জন্য তিন দিনের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন এবং গৃহকর্মীদের জন্য এক মাস ও তিন দিন মেয়াদি হাউজকিপিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ছয় মাস মেয়াদি জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু রয়েছে। এ কোর্স শেষে বিএমইটি ও জাপানের সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্বাচিত হলে সরকারি খরচে জাপানে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের ‘সিকিপ’ (SICIP) প্রকল্পের আওতায় মোটর ড্রাইভিং, বিউটিফিকেশন, এগ্রিকালচার মেশিন টেকনোলজি এবং মেসনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব কোর্সের প্রশিক্ষণার্থীরা প্রতি কার্যদিবসে ১৫০ টাকা হারে যাতায়াত ভাতা, প্রশিক্ষণ সনদ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। নিয়মিত শর্ট কোর্সের প্রশিক্ষণার্থীরাও একই হারে যাতায়াত ভাতা ও এনএসডিএ (NSDA) সনদ লাভ করছেন। পাশাপাশি দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরিতে সরকারি খরচে ড্রাইভিং প্রশিক্ষণ ও পেশাদার লাইসেন্স দেওয়ার বিশেষ প্রকল্পও চালু রয়েছে।

প্রশিক্ষণার্থী আরিফুর রহমান জানান, পড়াশোনা শেষ করার পর তিনি বেকার ছিলেন। এখানে সম্পূর্ণ বিনা মূল্যে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি দৈনিক যাতায়াত ভাতা পাচ্ছেন। সরকারি সনদ নিয়ে দেশে বা বিদেশে ভালো চাকরির বিষয়ে তিনি এখন বেশ আশাবাদী।

বিদেশগামী কর্মী মুজাহিদুল ইসলাম বলেন, বিদেশে যাওয়ার আগে এখান থেকে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দক্ষতা ও সরকারি সনদ থাকলে বিদেশে নিরাপদ ও ভালো বেতনের কাজ পাওয়া সহজ হবে বলে মনে করেন তিনি।

জাপানি ভাষা শিক্ষা কোর্স শেষ করা যুবক ইব্রাহিম হোসেন বলেন, বাইরে থেকে টাকা খরচ করে জাপানি ভাষা শেখা তাঁর মতো মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন ছিল। ঝিনাইদহ টিটিসিতে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ছয় মাসের কোর্স সম্পন্ন করে এখন সরকারিভাবে জাপানে গিয়ে নিজের ও পরিবারের ভাগ্য ফেরানোর আশা দেখছেন তিনি।

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুস্তম আলী বলেন, বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বেকার যুবসমাজকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তোলা হচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে এখানকার প্রশিক্ষণার্থীরা দেশে উদ্যোক্তা ও চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন, তেমনি দক্ষ কর্মী হিসেবে বিদেশে গিয়ে রেমিট্যান্স প্রবাহেও অবদান রাখছেন।

তবে প্রতিষ্ঠানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানান তিনি। সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে এবং শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে টিটিসির কার্যক্রম ও সাফল্য আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ভুয়া বিদেশি ওষুধ রাখার দায়ে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *