স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব)-এর সহধর্মিণী এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সাহেরা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক শফিউল আজম রুমির রত্নগর্ভা মাতা এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণের দাদি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার বিশাল জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার দৌহিত্র তাহসিন বিশ্বাস। জানাজা শেষে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তব্য রাখেন মরহুমার সুযোগ্য পুত্র অধ্যাপক শফিউল আজম রুমি, দৌহিত্র অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আকবর হোসাইন, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর শুকুর এবং মোবারকপুর পীরতলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুশফিকুর রহিম।
মরহুমার শেষ বিদায়ে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ হাজারো মানুষের ঢল নামে। জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন এবং সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
এদিকে প্রবীণ এই মহীয়সী নারীর মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের নিয়মিত সাধারণ সভায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। ছবি সংগৃহীত।
