স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় সরকারি নিয়ম মেনে বিক্রি করা সারের চালান কৃষকের উঠানে নিয়ে যাওয়ার পথে পরিবহন আটকে চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন এক ডিলার।
বিজ্ঞাপন
একইসঙ্গে তাঁর ৩৫ বছরের পুরোনো সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পরিচিতি ধূলিসাৎ করতে সামাজিক মাধ্যমে চলমান মিথ্যা রটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক জনাকীীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব আশঙ্কাজনক অভিযোগ উত্থাপন করেন ‘মেসার্স শয়ন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী তথা বিএডিসি ও বিসিআইসি নিবন্ধিত সার ডিলার মো. আতিকুর রহমান লেন্টু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু জানান, দীর্ঘ সাড়ে তিন দশক ধরে তিনি চৌগাছা বাজারে সততা ও সুনামের সাথে রাসায়নিক সার ও কৃষি উপকরণ বেচাকেনা করে আসছেন। তবে সম্প্রতি স্থানীয় একটি স্বার্থান্বেষী ও চাঁদাবাজ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িয়ে অবান্তর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে অহেতুক সংশয় তৈরি করছে।
ঘটনার বিশদ বিবরণ দিয়ে বিএডিসি ডিলার অভিযোগ করেন, সরকার নির্ধারিত নির্দিষ্ট মূল্যে মেমো কেটে কৃষকদের কাছে সার বিক্রির পর তা ক্রেতার নিজ নিজ ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য ট্রলিতে তোলা হয়। কিন্তু পথিমধ্যে একটি সংবদ্ধ চক্র গতিরোধ করে বেআইনিভাবে সারের চালান আটকে দেয়। পরবর্তীতে সার পরীক্ষার নাম করে অহেতুক হেনস্তা, গাড়ি আটক রাখা এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সার লুটপাটের হুমকিও দেওয়া হয়।
লেন্টু চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ধরনের অসাধু ও তোলার উপদ্রব যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তবে চৌগাছা জুড়ে সার সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে। ফলে ভরা মৌসুমে সাধারণ কৃষকেরা কৃত্রিম সার সংকটে পড়ে চরম ক্ষতির শিকার হবেন।”
এমতাবস্থায় ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রামাণিক তদন্ত সাপেক্ষে উক্ত চাঁদাবাজ চক্রের সদস্যদের চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের জেলা প্রশাসক ও চৌগাছা উপজেলা প্রশাসনের প্রতি আকুল আহ্বান জানান ওই ব্যবসায়ী। ছবি সংগৃহীত।

