চট্টগ্রামে চীনা ও পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রামে চীনা ও পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর জালালাবাদে একটি আটতলা ভবনে গোপন আস্তানা গেড়ে সন্দেহজনক ও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশাল এক বিদেশি চক্রকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সিএমপির একটি যৌথ টিম এ সাঁড়াসি অভিযান পরিচালনা করে। ভবনটিতে অভিযান চালিয়ে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিকসহ মোট ৬৩ জন বিদেশি সদস্যকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে চক্রটির কাছ থেকে ৭০টিরও বেশি ল্যাপটপ, একাধিক স্মার্টফোন এবং আধুনিক বিভিন্ন ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি সাংবাদিকদের জানান, “আটতলা ওই ভবনটিতে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের দীর্ঘদিনের আনাগোনা ও অত্যন্ত সন্দেহজনক অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানে চার দেশের ৬৩ জনকে আটক করা সম্ভব হয়েছে। তাঁদের ব্যবহৃত বিভিন্ন ডিভাইস ও প্রযুক্তিপণ্য উদ্ধার করা হয়েছে।”

সিএমপির এই কর্মকর্তা আরও জানান, “আটককৃতরা ঠিক কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন, কোনো উদ্দেশ্যে ওই ভবনে ঘাঁটি গেড়ে অবস্থান করছিলেন এবং তাদের কাজের ধরন কী ছিল—তা অত্যন্ত গুরুত্বের সাথে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের ভিসার মেয়াদ, পাসপোর্টের বৈধতা এবং তারা কোনো আন্তর্জাতিক অপরাধী চক্রের সাথে যুক্ত কি না, সেসব তথ্যও পরীক্ষা করা হচ্ছে।”

অভিযানসংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি, ওই আটতলা ভবনটিতে বড় অঙ্কের অবৈধ আর্থিক লেনদেনের পাশাপাশি ক্যাসিনো বা অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক জুয়া পরিচালনার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোটি কোটি টাকার অর্থ লেনদেন সম্পন্ন করা হতো।

জব্দকৃত ৭০টি ল্যাপটপ ও ডিজিটাল ডিভাইসের ডাটা রিকভারি ও তথ্য বিশ্লেষণ করছেন সিএমপির সাইবার টিমের তদন্তকারীরা। এসব ডিভাইসের মাধ্যমে আন্তর্জাতিক অনলাইন জুয়া, অর্থ পাচার কিংবা সাইবার অপরাধে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আটককৃতদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *