রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) | ৫ সেপ্টেম্বর ২০২৬
অসহায় মানুষের মুখে একবেলা খাবারের হাসি ফোটাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল মানবাধিকার সংস্থা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)। কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা নয়—শহরের বাজার, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ঘুরে ঘুরে অসহায়, ভবঘুরে ও ভিক্ষুকদের হাতে খাবার তুলে দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌর বিএনপির সভাপতি এসকে সালাহউদ্দিন বুলবুল সিডল।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে তিনি মানবিক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিত্তবান ও সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনসংগ্রাম অনেকটাই সহজ হতে পারে। পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ন্যাশনাল সার্ভে কোম্পানির চেয়ারম্যান মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, উপজেলা সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল, সহসভাপতি সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুল হামিদ তুহিন, সদস্য আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। ‘মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই’—এই স্লোগান সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়ার মুহূর্তে তাদের মুখের তৃপ্তির হাসিই যেন মনে করিয়ে দিল—মানবিকতার সবচেয়ে বড় পরিচয় কথায় নয়, মানুষের পাশে দাঁড়ানোর কাজে। ছবি সংগৃহীত।


