স্ফুলিঙ্গ ডেক্স :
বগুড়ার নন্দীগ্রামে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত এক মাদক কারবারির বসতবাড়ি থেকে ১০২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) নন্দীগ্রাম থানাধীন বিষ্ণুপুর এলাকায় চিহ্নিত ওই মাদক কারবারির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ডিএনসি দলের উপস্থিতি বুঝতে পেরে তাঁর তালিকাভুক্ত মাদক কারবারি স্বামী কৌশল অবলম্বন করে পালিয়ে যেতে সক্ষম হন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ রাশিদা খাতুন (৩২)। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ২ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার রনি আহমেদ আরিফ রাব্বানীর স্ত্রী এবং মোঃ আব্দুর রশিদের মেয়ে।
রাশিদার স্বামী তালিকাভুক্ত মাদক কারবারি রনি আহমেদ আরিফ রাব্বানী (৩৮)। তিনি নাটোর জেলার নাটোর সদর থানার কানাইখালী এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে এবং বর্তমানে শ্বশুরবাড়ি সূত্রে নন্দীগ্রামের বিষ্ণুপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল নন্দীগ্রামের বিষ্ণুপুর এলাকায় রনি-রাশিদা দম্পতির বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঘর তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে একটি ছোট লেডিস পার্স ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পার্স ব্যাগের ভেতর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ১০২ (একশত দুই) পিস হালকা কমলা রঙের ক্ষতিকর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে ব্যাগটির ভেতরে লুকানো অবস্থায় মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ৬,৪০০ (ছয় হাজার চারশত) টাকা আলামত হিসেবে বাজেয়াপ্ত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শামীমা আকতার বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত রাশিদাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। অন্যদিকে, পলাতক আসামি রনি আহমেদকে গ্রেফতারসহ এই ইয়াবা চালানের নেপথ্যে থাকা অন্যান্য চক্রের সদস্যদের সনাক্ত করতে জোরালো তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রুখতে জেলাজুড়ে এই ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। ছবি সংগৃহীত।


