স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যশোরে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কোতোয়ালি থানা এলাকার ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর করণীয় ও নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে যশোর জেলা পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের সুরক্ষায় পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালু রাখা হয়েছে। জরুরি যেকোনো প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের সরাসরি থানা ও জেলা পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সম্ভাব্য অপরাধ ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে নিবিড় সমন্বয় থাকা জরুরি। ব্যাংক প্রাঙ্গণ বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা গতিবিধি নজরে এলে অথবা অনাকাঙ্ক্ষিত কিছুর আশঙ্কা তৈরি হলে দেরি না করে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানাতে তিনি বিশেষ অনুরোধ করেন। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কোতোয়ালি থানাধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। ছবি সংগৃহীত।

