স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের নবম তলার সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শিরোনামের এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট) এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। এতে সার্বিক সহযোগিতা দেয় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল।
বিজ্ঞাপন
আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রকল্পের এসপিএম এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ড. এ এফ এম শাহাব উদ্দীন জানান, সীমিত জনবল ও সম্পদ নিয়েও যবিপ্রবির আইসিটি সেল দ্রুত ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহায়তায় শিগগিরই পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক ব্যবস্থা আধুনিকায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, কেবল ইন্টারনেট জটিলতা নিরসন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ডিজিটাল রূপান্তরে সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রাখতে চায় আইসিটি সেল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন (কি-নোট স্পিকার) করেন বিডিরেনের মহাব্যবস্থাপক (জিএম) কে এইচ রাশেদুল আরেফিন। এ ছাড়া রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিরেনের সিএমও এখলাস উদ্দীন আহমেদ এবং হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান।
প্রশিক্ষণে ডিজিটাল শিক্ষণসামগ্রী (কনটেন্ট) তৈরি, অনলাইন পাঠদান প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম পরিচালনা এবং উচ্চশিক্ষায় আধুনিক তথ্যপ্রযুক্তির কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি সংগৃহীত।

