স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দশপতিনা গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন এবং গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুল ইসলাম আজ রোববার (২৯ নভেম্বর) ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগের বিবরণ অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যায় গ্রাম্য একটি বিরোধ নিষ্পত্তির সালিশ চলাকালে দশপতিনা গ্রামের বিএনপির ওই কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, রামদা ও লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মারধর করা হলে পাঁচজন আহত হন। ভাঙচুরে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী মাহফুজুল ইসলাম ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দশপতিনা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। তবে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ফোনে জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ফাইল ছবি সংগৃহীত।
