মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আকবর আলীর নামাজে জানাজায় মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
বিজ্ঞাপন
কর্মজীবনের দীর্ঘ সময় সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন আকবর আলী। পাঠদানের পাশাপাশি স্নেহ ও আন্তরিকতার কারণে শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর প্রয়াণে বিদ্যালয় অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এই প্রবীণ শিক্ষক।
জানাজা ও দাফন শেষে উপস্থিত অনেকে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, আদর্শ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় লোকজন। ছবি প্রতিবেদক।

