স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে তর্কের জেরে স্ত্রীর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে আলাদা করে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত তিথী (৩০) এবং তাঁর স্বামী বিল্লাল (৪০) চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিল্লাল নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে।
বিজ্ঞাপন
গত রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ভাড়া বাসায় তিথী তাঁর মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বাম হাতের কব্জি লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ দেন; এতে তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জখম হন।
পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে বিল্লাল নিজেই আহত স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিথীর শারীরিক অবস্থার অবনতি ও ঝুঁকি বিবেচনায় চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বিল্লাল ও তাঁর মা আহত তিথীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। ছবি সংগৃহীত।
