স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২২ নভেম্বর ২০২৬
যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম-সেবা) সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ নেওয়ার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে নিয়মিত বিরতিতে সচেতনতামূলক বক্তব্য দেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শারীরিক মাপ ও নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে; তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।
কার্যক্রম চলাকালে জেলা নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগের দায়িত্বে থাকা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
