স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যথাযথ মর্যাদায় যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস শেডে কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ সব গণ্যমান্য অতিথিকে অভ্যর্থনা জানান ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে; আর সে কারণেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যে প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
