স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী এবং ৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে জেলায় ডেঙ্গু কিংবা হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ শনিবার (২১ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত পৃথক দুটি দৈনিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি : সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ভর্তি হওয়া ২০ জন রোগীর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন, বাঘারপাড়ায় ৬ জন, অভয়নগরে ৩ জন এবং মনিরামপুরে ২ জন ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ নভেম্বর পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগরে ২৯ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬ জন, শার্শায় ১৭ জন, বাঘারপাড়ায় ৯ জন, কেশবপুরে ৬ জন, মনিরামপুরে ৫ জন, চৌগাছায় ২ জন এবং ঝিকরগাছায় ১ জন ভর্তি আছেন। এ ছাড়া চলতি বছরে উন্নত চিকিৎসার জন্য ৪৭ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
হাম পরিস্থিতি : অন্যদিকে হাম রোগীর দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোর সদর, ২৫০ শয্যা হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ৩ জন সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছেন এবং ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৭ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হন ৮৫৩ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৮৩১ জন। এ পর্যন্ত ৯৮১ জনের নমুনা পরীক্ষার পর ১৬৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে; তবে জেলায় হামে কোনো মৃত্যুর তথ্য নেই। বর্তমানে সদর ও ২৫০ শয্যা হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং কেশবপুরে ৫ জনসহ মোট ২২ জন রোগী হাসপাতালে অবস্থান করছেন। ফাইল ছবি সংগৃহীত।

