স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২০ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ শাহাদাত হোসেন (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কায়বা এলাকার শেখের আমবাগানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন শার্শা উপজেলার বাড়িপুকুরিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) আওতাধীন কায়বা বিওপির নায়েক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের ভেতরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাহাদাত হোসেনকে আটক করার পাশাপাশি তাঁর হেফাজত থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪১ হাজার টাকা। আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ছবি সংগৃহীত।
