স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন যশোর নগর যুবদলের নেতৃবৃন্দ। আজ বুধবার (১৮ নভেম্বর) যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে ভৈরব নদের বিভিন্ন অংশে জমে থাকা ঘন কচুরিপানার কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মশার উপদ্রবসহ পরিবেশ দূষণ বাড়ছিল। নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং শহরের পরিবেশ রক্ষার তাগিদ থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে মাঠে নামেন যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সরাসরি তত্ত্বাবধানে নগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদের কচুরিপানা টেনে তোলা ও পরিষ্কার করার কাজে অংশ নেন।
বিজ্ঞাপন
কর্মসূচি চলাকালে যুবদল নেতৃবৃন্দ জানান, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কেবল রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং পরিবেশ রক্ষার মতো সামাজিক ও মানবিক কাজেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভৈরব নদ যশোরবাসীর প্রাণ এবং এই নদকে দখল ও দূষণমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব।
যুবদলের এই প্রশংসনীয় ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। রাজনৈতিক দলগুলোর এ ধরনের ইতিবাচক ও জনসম্পৃক্তমূলক কর্মকাণ্ড শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন যশোরবাসী।
ছবি সংগৃহীত।

