চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হারানো গৌরব ফেরানোর তাগিদ

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হারানো গৌরব ফেরানোর তাগিদ

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সোনালি অতীত ও দেশসেরা হওয়ার গৌরব পুনরায় ফিরিয়ে আনতে বিদ্যমান ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।

হাসপাতালে পৌঁছে ড. জিয়াউদ্দিন হায়দার নবনির্মিত ১০০ শয্যার বহুতল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এরপর দুপুরে নতুন ভবনের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, চৌগাছা সরকারি হাসপাতাল যখন ৫০ শয্যার ছিল, তখন একবার বা দুবার নয়—টানা দশবার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছিল। সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা এই হাসপাতালের সাফল্যের রহস্য জানতে ছুটে এসেছিলেন এবং এখানকার ব্যবস্থাপনা নিজ নিজ দেশে চালু করেছিলেন। কিন্তু মাঝে কয়েক বছর সেই সুনাম ধরে রাখা যায়নি। কেন এমনটি হলো, তা সবাইকে মিলে খতিয়ে দেখতে হবে এবং চিকিৎসক সংকটসহ যেসব ত্রুটি রয়েছে, সেগুলো দ্রুত দূর করতে হবে।

বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি, হাসপাতালটিকে দশবার দেশসেরা করার নেপথ্য কারিগর ডা. আব্দুর রাজ্জাক ও ইমদাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, ইউপি সদস্য এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের চাঁচড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে দুই শ্যালক জখম

মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ঝিকরগাছায় ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী তন...

শার্শা সীমান্ত এলাকায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে : পাল্টা হামলার দাবি

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা : তপু গ্রেফতার

সংকটকালে বেগম খালেদা জিয়ার আস্থা ছিলেন তরিকুল ইসলাম : যশোরে স্মরণসভায় রুহুল কবির রিজভী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *