স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ১০ নভেম্বর ২০২৬ তারিখের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২,৫০৪ জনে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু ও হাম বিষয়ক দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৩ জন ডেঙ্গু রোগী। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২,৩৯৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে রেফার্ড করা হয়েছে ৮৫ জনকে।
অন্যদিকে, একই দিনে প্রকাশিত হাম রোগীর দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি জেলায় মোট ১,০২১ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। গত ২৪ ঘণ্টায় কেশবপুর উপজেলায় ২ জন সন্দেহজনক হাম রোগী নতুন ভর্তি হয়েছেন এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বর্তমানে ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছর হামে আক্রান্ত হয়ে অদ্যাবধি কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

